ইয়া আমিরুল মোমেনীন আলী ইবনে আবি তালিব আঃ মাদাদে মাদাদে ইয়া পাক পাঞ্জাতন মাদাদে ইয়া 12 ইমাম 14 মাসুম আঃ মাদাদে আদম (আ.) সৃষ্টি হতে আজ পর্যন্ত প্রতিটি যুগে পৃথিবীর বুকে অসংখ্য মহামানবের আগমণ ঘটেছে। তাদের অনেকের কথা আমাদের মাঝে এখনও চর্চা হয় এবং আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করি, আবার তাদের কারো কারো নাম ইতিহাসের উত্থান-পতনে নাম মুছে গেছে অথবা মুছে ফেলা হয়েছে। হযরত আলী (আ.)ও এমন একজন ব্যক্তিত্বের নাম, যার নাম শত্রুরা শত চেষ্টা করেও ইতিহাসের পাতা হতে মুছে ফেলতে পারেনি। কেননা ইসলামের প্রাথমিক যুগ হতেই তিনি ইসলামের প্রতিটি ঘটনার সাথে ওতপ্রতভাবে জড়িত ছিলেন এবং ইসলামকে তত্কালীন সমাজে প্রতিষ্ঠিত করতে যে অবদান তিনি রেখেছেন তা আজও মুসলমানরা শ্রদ্ধাভরে স্মরণ করে। মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর নবুয়্যতি মিশনের শুরু দিন হতে তাঁর জীবনের অন্তিম লঘ্ন পর্যন্ত হযরত আলী (আ.) তাঁর পাশে অবস্থান করেছেন। ছোটবেলা থেকেই নবী (স.) এর সান্নিধ্যে বেড়ে ওঠা হযরত আলী (আ.) শত প্রতিকূলতার মাঝেও কখনই মহানবী (স.) কে নিঃসঙ্গ ত্যাগ করেন নি। যার অন্যতম প্রমাণ হচ্ছে ওহুদের যুদ্ধ। যখন সাহাবীরা নিজের জীবনের মায়ায় আল্লাহর রাসূল (স.) কে ত্যাগ করে পলায়নে ব্যস্ত তখন ইসলামের অকুতোভয় এ সৈনিক ঝাঁপিয়ে পড়ছিলেন শত্রুদের উপর। আর আহত আল্লাহর রাসূল (স.) কে রক্ষা করছিলেন তাঁর (স.) দেয়া তলোয়ার চালিয়ে ও নিজের শরীরে আঘাতের পর আঘাত গ্রহণের মাধ্যমে। ওহুদের যুদ্ধের দিনে মহানবী (স.) এর উপর আস্থা হারানো সাহাবীরা পরবর্তীতে ইসলামের এ এ সেনাপতিকে –যিনি নুবয়্যতি জ্ঞান ও শিষ্টাচারের মাঝেই বেড়ে উঠেছেন- বিভিন্নভাবে বঞ্চিত করতে থাকে। কিন্তু এ প্রবাদের ন্যায় –যাতে বলা হয়েছে যে, ‘আতর অনাস্ত কে খুদ বেবুয়াদ, না অনকে আত্তার বেগুয়াদ’ (সুগন্ধী আতর হচ্ছে সেটা যা নিজেই সুগন্ধ ছড়ায়, ঐটা নয় যার প্রশংসা বিক্রেতা করে)- ইমাম আলী (আ.) সুগন্ধী আতরের ন্যায় নিজেই সুবাশ ছড়িয়েছেন, চাই অন্য কেউ তার প্রশংসা করুক বা না করুক। ইসলামের শত্রুরা বিশেষতঃ বনি উমাইয়া চক্র ক্ষমতায় আসার পর হযরত আমিরুল মু’মিনীন (আ.) এর উপর গাল-মন্দ করার প্রচলন ঘটায়। এরপর হতে বনি উমাইয়া সরকারের অধিনে থাকা সকল মেম্বর হতে আমিরুল মু’মিনীন হযরত আলী (আ.) এর উপর গালমন্দ করা হয়। যা দীর্ঘ কয়েক দশক যাবত অব্যাহত ছিল। এছাড়া হযরত আলী (আ.) এর শানে যে সকল হাদীস মহানবী (স.) হতে সাহাবীরা বর্ণনা করেছেন সেগুলোকে কখন মুছে দিয়ে, আবার কখনও বা জায়িফ (দূর্বল) বলে উল্লেখ করে তার মর্যাদাকে খর্ব করার অপচেষ্টাও চালানো হয়েছে (যার কিছু কিছু নমুনা বর্তমানেও পরিলক্ষিত)। কিন্তু যারাই এমন অপকর্মে লিপ্ত হয়েছে তারাই হয়েছে অপদস্ত এবং হযরত আমির (আ.) এর সম্মান ও মর্যাদা দিনের পর দিন বেড়েই চলেছে। ‘অন্যন্য সাহাবীদের উপর হযরত আলী (আ.) এর শ্রেষ্ঠত্ব’ শীর্ষক এ সিরিজে আমরা তাঁর (আ.) শ্রেষ্ঠত্ব প্রমাণে ইতিহাস হতে বিভিন্ন দলিল ও প্রমাণ উপস্থাপন করব। যেগুলো পর্যায়ক্রমিকভাবে আবনা পাঠকদের উদ্দেশ্যে উপস্থাপন করা হবে। হযরত আলী (আ.) এর বংশ পরিচয় প্রাচীণকাল হতেই বংশ মর্যাদার বিষয়টিকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হয়। আর সর্বক্ষেত্রে এর বিশেষ কার্যকারিতা রয়েছে, বিশেষতঃ যখনই কোন বিবাহের কথা ওঠে তখন বংশ মর্যাদার বিষয়টিকে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মতই দৃষ্টিতে রাখা হয়। আর কোরআন ও হাদীসের পাশাপাশী বর্তমান যুগে সায়েন্সও এটা প্রমাণ করেছে যে, ভাল ও সুস্থ পিতা-মাতাই সমাজকে একটি ভাল ও সুস্থ সন্তান উপহার দিতে সক্ষম। তাই সবকিছুর আগে হযরত আলী (আ.)-এর বংশ পরিচয়ের প্রতি দৃষ্টি দেওয়া যাক। বংশের দিক হতে রাসূল (স.) এর মত একই বংশ পরিচয়ের অধিকারী তিনি। কেননা তারা ছিলেন পরস্পরের চাচাতো ভাই। আব্দুল মুত্তালিব ছিলেন তাদের পিতামহ। হযরত মহানবী (স.) ছিলেন হযরত আব্দুল্লাহ (আ.) এর একমাত্র সন্তান এবং হযরত আলী (আ.) ছিলেন হযরত আবু তালিবের কনিষ্ঠ সন্তান। ঐতিহাসিকগণ যেভাবে এ মহান দুই ব্যক্তিত্বের পূর্বপুরুষদের নাম লিপিবদ্ধ করেছেন, ঠিক সেভাবেই আপনাদের জন্য উল্লেখ করা হল: পর্যায়ক্রমিকভাবে তাঁদের পূর্বপুরষগণ হলেন- আবুতালিব, আব্দুল মোত্তালিব, হাশেম (এই নামের কারণেই আহলে বাইত (আ.) গণকে হাশেমী বলা হয়), আব্দে মানাফ, কুসাই, কালাব, মুর্‌রা, কায়া’ব, লুওয়াই, গালিব, ফাহ্‌র, মালিক, নাদ্‌র, কানানাহ, খুযাইমাহ, মুদরেকাহ, ইলইয়া’স, মুযার, নাযার, মায়াদ, আদনান। (কামেলে ইবনে আসির, ২য় খণ্ড, পৃ. ১ ও ২১) নিশ্চিতভাবে, তাঁদের পূর্ব পুরুষের তালিকা মায়াদ বিন আদনান পর্যন্ত এভাবেই সঠিক। কিন্তু আদনানের পূর্বপুরুষগণ হতে হযরত ইসমাঈল (আ.) পর্যন্ত, সংখ্যা এবং নামের ক্ষেত্রে মতপার্থক্য রয়েছে। আর ইবনে আব্বাসের রেওয়ায়েত অনুযায়ী যা তিনি হযরত মহানবী (সঃ) হতে বর্ণনা করেছেন, যখনই তাঁর পূর্বপুরুষের তালিকা আদনান পর্যন্ত পৌঁছায় তখন তিনি আদনান হতে অতিক্রম করতে নিষেধ করেছেন। কেননা যখন তিনি তাঁর পূর্বপুরুষদের নামের তালিকা বর্ণনা করেছেন, তখন আদনানের পর আর কারো নাম বলেন নি। আর তিনি নির্দেশ দিতেন যে, আদনান হতে ইসমাঈল (আঃ) পর্যন্ত তাঁর পূর্বপুরুষদের নাম গণনা না করার জন্য। তিনি আরো বলেছেন: আর এ সম্পর্কে যা কিছু আরবদের মধ্যে প্রসিদ্ধ, সেগুলো সঠিক নয় (সিরায়ে হালাবি, ১ম খণ্ড, পৃ. ২৬)। তাই আমরাও রাসূল (সঃ)-এর নির্দেশ মোতাবেক শুধুমাত্র আদনান পর্যন্ত গণনা করাকে যথেষ্ঠ মনে করবো। উপরোক্ত আলোচনার পর পাঠক মহোদয়ের নিকট এই বিষয়টি কি স্পষ্ট নয় যে, বংশ মর্যাদার দিক থেকেও অন্যান্য সাহাবীদের উপর আলী (আ.) এর শ্রেষ্ঠত্ব রয়েছে?! কারণ যদি অন্য কারো বংশ মর্যাদা আলীর চেয়ে উচ্চ হয় তবে তাঁর বংশ মর্যাদা মহানবী (স.)-এরও উপরে। আর আমরা এটা জানি যে, বংশের দিক থেকে মহানবী (স.) মর্যাদার সর্বোচ্চ স্থানে অবস্থান করছেন। আর যেহেতু আলী (আ.) তাঁর আপন চাচাতো ভাই, তাই তিনিও এ দিক থেকে অন্যান্য সাহাবীদের ওপরে শ্রেষ্ঠত্বের অধিকারী। কাবা গৃহে জন্মগ্রহণ আলী (আঃ)-এর কাবাগৃহ অভ্যন্তরে জন্মগ্রহণের বিষয়টিতে ওলামাদের মতৈক্য রয়েছে। (মুরুরুয যাহাব, ২য় খণ্ড, পৃ. ৩৫৮; তাযকেরাতুল খাওয়াস, পৃ. ১১; কাশফুল গাম্মাহ, ১ম খণ্ড, পৃ. ৫৯; মানাকেবে ইবনে শাহরে আশুব, ২য় খণ্ড, পৃ.১৭৫; আ’লামুল ওয়ারা, পৃ. ১৫৩; শাবলাঞ্জি কর্তৃক রচিত নূরুল আবসার, পৃ. ৮৫; বিহারুল আনওয়ার, ৩৫তম খণ্ড, পৃ. ৭, হাদীস নং ১০; ফুসুলুল মুহিম্মাহ, পৃ. ১২) আর মতৈক্য রয়েছে এ বিষয়েরও উপর যে, একমাত্র আলী (আ.)-ই এমন মহান সৌভাগ্যের অধিকারী। কোন সাহাবী তো দূরের কথা কোন নবী, রাসূল ও আল্লাহর ওলীও এমন সৌভাগ্য লাভ করেন নি। কিন্তু ফাতেমা বিনতে আসাদের (হযরত আলী (আ.) এর মাতা) কা’বা গৃহে প্রবেশ ও সেথায় তাঁর জন্মগ্রহণের ঘটনাটির বর্ণনায় রাবী ও ঐতিহাসিকদের মাঝে মতপার্থক্য পরিলক্ষিত হয়। ইবনে আব্বাস তার পিতা আব্বাস হতে যে রেওয়ায়েতটি বর্ণনা করেছেন তাতে এটা স্পষ্ট হয় যে, কা’বা গৃহের দরজায় তালা লাগানো ছিল এবং ফাতেমা বিনতে আসাদ কর্তৃক দোয়া, পূর্ববর্তী পয়গম্বরগণ ও আসমানী কিতাবের উপর স্বীকৃতি দেয়ার পর, তাঁর পিতামহ হযরত ইব্রাহিম (আ.) এর কথায়, আল্লাহকে কা’বা গৃহের, যে তাকে তৈরী করেছে তাঁর, এবং যে সন্তান তার গর্ভে বিদ্যমান ছিল তার কসম দেবার পর তার সন্তান প্রসব সহজতর করার জন্যে কা’বা গৃহের দেয়ালে ফাঁটলের সৃষ্টি হয়। হযরত আব্বাস (রা.) বলেন: আমি দেখলাম যে, কা’বা গৃহের দেয়াল বিপরীত দিক থেকে ফেঁটে গেল এবং ফাতেমা তাতে প্রবেশ করল। অতঃপর দেয়াল পূনরায় পূর্বের অবস্থায় ফিরে গেল। এরপর আমরা যতই চেষ্টা করলাম দরজা খোলার জন্যে -যাতে আমাদের কিছু মহিলারা ফাতেমার নিকট গিয়ে তাকে সাহায্য করতে পারে- কিন্তু দরজা খুললো না। আর তখনই বুঝতে পারলাম যে, এটা স্বয়ং আল্লাহর পক্ষ হতে। ফাতেমা তিনদিন কা’বা গৃহের মধ্যে অবস্থান করলো। চতুর্থ দিন আল্লাহর নির্দেশে দরজা খুলে গেল এবং যে স্থান দিয়ে ফাতেমা প্রবেশ করেছিলো ঠিক সে স্থান দিয়েই সে বেরিয়ে এল... (খারায়েজ ও জারায়েহ, ১ম খণ্ড, পৃ. ১৭১; মানাক্বেবে ইবনে মাগাযেলী, পৃ. ৭; [সামান্য পার্থক্যে বর্ণিত হয়েছে] নাহজুল হাক্ব, পৃ. ২৩৩; [সামান্য পার্থক্যে বর্ণিত হয়েছে] এহকাকুল হাক্ব, ৫ম খণ্ড, পৃ. ৫৬) ‘বাশারাতিল মুস্তাফা’ ইয়াযিদ ইবনে ক্বানআব হতে বর্ণনা করেছেন, “যখন ফাতেমার প্রসব বেদনা উঠল তখন তিনি কা’বায় প্রবেশ করলেন, অতঃপর তিনি বেরিয়ে এলেন, এমতাবস্থায় তার হতে আলী (আ.) ছিলেন।” (বাশারাতুল মুস্তাফা, পৃ. ৮; বিহারুল আনওয়ার, ৩৫তম খণ্ড, পৃ. ৮ ও ৯) অন্য একটি রেওয়ায়েত হযরত আয়েশা হতে বর্ণিত হয়েছে, “ফাতেমা জন্ম দিয়েছেন আলী (রা.) কে কা’বাগৃহে।” (বিহারুল আনওয়ার, ৩৫তম খণ্ড, পৃ. ৩৬ ও ৩৭) ওয়ারযান্দি শাফেয়ী ‘নাযমুদ দুরার’ গ্রন্থে বর্ণনা করেছেন, “যখন ফাতেমার প্রসব বেদনা উঠলো তখন আবু তালিব (আঃ) এশার পর তাকে কা’বা গৃহে প্রবেশ করান অতঃপর আলী (আঃ) সেখানে জন্মলাভ করেন।” (নাযমু দুরারুস সামত্বীন, পৃ. ৮০) শুরুতেই উল্লেখ করেছি যে, কোন নবী-রাসূল (আ.)ও এমন সৌভাগ্যের অধিকারী হননি। তাই সাহাবাদের মধ্যে তার শ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য জ্ঞানী ব্যক্তিদের সম্মুখে এমন শক্ত দলিল উপস্থাপনের পর আর কোন দলিলের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর তার শ্রেষ্ঠত্বের জন্য এটাও যথেষ্ঠ যে, তিনি তার জীবনের প্রথম নিঃশ্বাসটি আল্লাহর ঘরেই ফেলেন। যা অন্যান্য সাহাবীদের ভাগ্যে জোটেনি। উল্লেখ্য, কিছু বছর পূর্ব পর্যন্ত সে ফাঁটলটি কা’বা গৃহের দরজার বিপরীত পার্শ্বে বিদ্যমান ছিল। কিন্তু বর্তমানে সেই ফাঁটলটি আর পরিলক্ষিত হয় না। কেননা তদস্থল ইট দ্বারা গেঁথে দেয়া হয়েছে। আপনার যারা দেখতে ইচ্ছুক তারা যদি কখনো মক্কায় যাবার সৌভাগ্য অর্জন করেন, তবে অবশ্যই দেখতে পাবেন যে, কা’বা গৃহের অন্যান্য স্থানের গাঁথুনি হতে সেই স্থানের গাঁথুনির যথেষ্ঠ অমিল রয়েছে। আর এটাই এর স্পষ্ট সাক্ষি যে, এই স্থানে পূর্বে কোন কিছু ছিল যা বর্তমানে মুছে ফেলা হয়েছে।# প্রচারে মোঃ শামসীর হায়দার

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

হযরত আবুল ফযল আব্বাস (আ.)-এর শাহাদাত : পানি যেন চিরকাল লজ্জিত তাঁর কাছে! বর্ণনাকারী বলেন,ইমাম হুসাইন পিপাসায় কাতার হয়ে ফোরাতের তীরে উপস্থিত হলেন। সাথে রয়েছেন তার (সৎ) ভাই আব্বাস। ইবনে সা’দের বাহিনী ঝাঁপিয়ে পড়ল দু’জনের ওপর। তাদের পথ বন্ধ করল। বনী দারাম গোত্রের এক দুরাচার আবুল ফযল আব্বাস-এর দিকে তীর নিক্ষেপ করলে তা তাঁর পবিত্র মুখে বিদ্ধ হয়। ইমাম হুসাইনই তা টেনে বের করে নেন,তার হাত রক্তে রঞ্জিত হয়ে যায়। তিনি সেই রক্ত ছুড়ে ফেলে বললেন : ‘হে আল্লাহ ! এ জনগোষ্ঠী তোমার নবী নন্দিনীর সন্তানের ওপর এ জুলুম চালাচ্ছে, এদের বিরুদ্ধে তোমার দরবারে বিচার দিচ্ছি। ইবনে সা’দের বাহিনী মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের কাছ থেকে হযরত আব্বাসকে ছিনিয়ে নেয়। চতুর্মুখী আক্রমণ ও তরবারির সম্মিলিত আঘাতে হযরত আব্বাস শহীদ হন। তাঁর শাহাদাতে ইমাম হুসাইন কান্নায় ভেঙ্গে পড়েন। কবি তাই তো বলেছেন : ‘‘কতই না উত্তম ব্যক্তি –যার জন্য ইমাম হুসাইন কারবালার এ কঠিন মুসিবতের সময়ও কেঁদেছেন। তিনি ছিলেন ইমাম হুসাইনের (সৎ) ভাই,তার বাবা ছিলেন আলী, তিনি তা আর কেউ নন রক্তাক্ত বদন আবুল ফযল আব্বাস। তিনি ছিলেন ইমাম হুসাইনের সহমর্মী,কোনো কিছুই তাকে এপথ থেকে সরাতে পারেনি। প্রচণ্ড পিপাসা নিয়ে ফোরাতের তীরে পৗছেন,কিন্তু ইমাম হুসাইন যেহেতু পান করেননি তিনিও তাই পানি মুখে নেননি।’অন্য কবি বলেন : ‘মুষ্টির মাঝে পানি নিলেন, মনভরে পান করে তৃষ্ণা নিবারণ করবেন কিন্তু যখনই ইমাম হুসাইনের পিপাসার কথা মনে পড়লো, হাতের মুঠোর পানিতে অশ্রু ফেলে ফিরে আসলেন।’হযরত আবুল ফযল আব্বাস-এর এ মহান আত্মত্যাগ সকল লেখক, চিন্তাশীলের দৃষ্টিতেই গুরুত্বপূর্ণ।আল্লামা মজলিসী তার বিখ্যাত গ্রন্থ ‘বিহারুল আনওয়ার’-এ লিখেছেন,‘হযরত আব্বাস ফোরাতের তীরে গেলেন। যখনই অঞ্জলি ভরে পানি পান করতে চাইলেন তখন হঠাৎ ইমাম হুসাইন ও তার আহলে বাইতের পানির পিপাসার যন্ত্রণার কথা মনে পড়ল। তাই তিনি পানি ফোরাতেই ফেলে দিলেন,পান করলেন না।’আরেকজন কবি বলেন : ‘আবুল ফযল আব্বাস তার সবচেয়ে মূল্যবান প্রাণ ইমাম হুসাইনের জন্যই উৎসর্গ করেছেন। ইমাম হুসাইন পান করার পূর্বে তিনি নিজে পান করলেন না। মানুষের কর্মের সর্বোত্তম কর্ম ও মূল কাজই তিনি করলেন। আপনি তো গৗরবের দিবসে রাসূলের দুই নাতির ভাই, আর আপনিই তো পানি পানের দিবসে করেছেন আত্মত্যাগ, হে আবুল ফযল!’পানি টলটলায়মান, বাদশাহ তৃষ্ণায় ওষ্ঠাগত,উদ্যম তার অন্তরে হাতে রয়েছে পানির মশক,মুর্তাযার সিংহ শাবককে হামলা করলো এমনভাবেএ যেন অগণিত নেকড়ের মাঝে এক বাঘ।এমন একটি বদন কেউ দেখেনি যাতে কয়েক হাজার তীর,এমন একটি ফুল কেউ দেখেনি যাতে রয়েছে কয়েক হাজার কাঁটা। শেইখ মুফীদ তার ‘ইরশাদ’-এ এবং শেইখ তাবারসি তার ‘আ’লামুল ওয়ারা’-তে বলেছেন যে, সেনাবাহিনী ইমাম হুসাইনকে (আ.) আক্রমণ করলো এবং তার সৈন্যদের ছড়িয়ে দিলো এবং তাদের পিপাসা বৃদ্ধি পেলে ইমাম তার ভাই আব্বাস (আ.) কে নিয়ে ফোরাতের দিকে ঘোড়া ছোটালেন। উমর বিন সা’আদের বাহিনী তাদের পথ আটকে দিলো এবং বনি দারিম থেকে এক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বললো, “আক্ষেপ তোমাদের জন্য, ফোরাতের দিকে তাদের রাস্তা বন্ধ করে দাও যেন তারা সেখানে পৌঁছতে না পারে।” ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” সে ক্রোধান্বিত হলো এবং ইমামের দিকে একটি তীর ছুঁড়ে মারলো যা তার থুতনি ভেদ করলো। ইমাম তীরটি টেনে বের করলেন এবং নিজের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন। এতে তার হাত রক্তে পূর্ণ হয়ে গেলো। তখন তিনি বললেন, “হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি তারা কী আরচণ করছে তোমার রাসূলের (সা.) কন্যার সন্তানের সাথে।” এরপর তারা তৃষ্ণার্ত অবস্থায় ফিরে এলেন। কিন্তু সেনাবাহিনী হযরত আব্বাস (আ.) কে ঘেরাও করে ফেললো এবং ইমাম হুসাইন (আ.) থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলল। আব্বাস একা একা যুদ্ধ করলেন এবং শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন ওয়ারখা হানাফি এবং হাকীম বিন তুফাইল তাঈ’ যৌথভাবে তাকে হত্যা করে তাকে বেশ কিছু আঘাতে আহত করার পর এবং তার নড়াচড়া করার মত শক্তি আর ছিলো না। সাইয়েদ ইবনে তাউস কিছুটা একই রকম বর্ণনা দিয়েছেন। হাসান বিন আলী তাবারসি বর্ণনা করেন যে, (বনি দারিম গোত্রের) অভিশপ্তের তীরটি ইমাম হুসাইন (আ.) এর কপালে বিদ্ধ হয় এবং আব্বাস তা তুলেন। কিন্তু পূর্ববর্তী বর্ণনাটিই বেশী পরিচিত। তাবারি বর্ণনা করেন হিশাম থেকে, তিনি তার পিতা মুহাম্মাদ বিন সায়েব থেকে, তিনি ক্বাসিম বিন আল আসবাগ বিন নাবাতাহ থেকে যিনি বলেছেন, (কারবালায়) ইমাম হুসাইন (আ.) শহীদ হওয়ার সময় উপস্থিত ছিলো এমন একজন আমাকে বলেছে যে, যখন হোসেইনের সেনাদল প্রাণ হারালো তিনি তার ঘোড়ায় চড়লেন এবং ফোরাত নদীর দিকে গেলেন। বনি আবান বিন দারিম গোত্রের এক লোক বললো, “আক্ষেপ তোমাদের জন্য, তার এবং ফোরাত নদীর মাঝখানে অবস্থান নাও যেন তার শিয়ারা (অনুসারীরা) তার সাথে যুক্ত হতে না পারে।” তিনি ঘোড়া ছোটালেন এবং সেনাবাহিনীও তাকে অনুসরণ করলো এবং ফোরাত নদীতে যাওয়ার পথ বন্ধ করে দিলো। ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” আবানি লোকটি একটি তীর ছুঁড়লো যা ইমামের থুতনি ভেদ করলো, ইমাম তীরটি টেনে বের করলেন এবং তার হাতের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন, যা রক্তে পূর্ণ হয়ে গেলো এবং তিনি বললেন, “হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করি কী আচরণ তারা করছে আপনার রাসূল (সা.) এর কন্যার সন্তানের সাথে।” আল্লাহর শপথ, বেশী সময় যায় নি যখন আমি দেখলাম তার (আবানি লোকটির) প্রচণ্ড তৃষ্ণা পেয়ে বসলো এবং কখনোই নিবারণ হলো না। ক্বাসিম বিন আল আসবাগ আরও বলেন যে, আমি তার সাথে ছিলাম যে বাতাস করছিলো তাকে (আবানি লোকটিকে) এবং একটি মিষ্টি শরবত, এক জগ দুধ ও পানি রাখা ছিলো। সে বলছিলো, “দুর্ভোগ তোমাদের উপর। তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” এক জগ অথবা এক কাপ পানি যা তার পরিবারের তৃষ্ণা মিটাচ্ছিলো, তাকে দেয়া হলো, সে তা পান করলো ও বমি করলো। এরপর কিছু সময় ঘুমালো। এরপর আবার সে বলতে শুরু করলো, “দুর্ভোগ তোমাদের উপর, আমাকে পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” আল্লাহর শপথ এ রকম কোন দৃশ্য এর আগে দেখা যায়নি এবং তার পেট উটের মত ফেটে গেলো। ইবনে নিমার বর্ণনা অনুযায়ী এই লোকটির নাম ছিলো যারাআহ বিন আবান বিন দারিম। ক্বাসিম বিন আল আসবাগ বর্ণনা করেছেন এক ব্যক্তি থেকে যে কারবালায় ইমাম হুসাইন (আ.) কে দেখেছিলো, তিনি একটি খাদের পাশে দাঁড়িয়েছিলেন নদীর তীরের কাছেই, ফোরাত নদীতে যাওয়ার জন্য এবং আব্বাস ছিলেন তার সাথে। সে সময় উমর বিন সা’আদের জন্য উবায়দুল্লাহর চিঠি এসে পৌঁছায় যাতে লেখা ছিলো, “হুসাইন ও তার সাথীদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও এবং তাদেরকে এক ফোটাও স্বাদ নিতে দিও না।” উমর বিন সা’আদ পাঁচশত লোক দিয়ে আমর বিন হাজ্জাজকে পানির কাছে পাঠালো। আব্দুল্লাহ বিন হাসীন আযদি উচ্চকণ্ঠে বললো, “হে হুসাইন, তুমি কি দেখছো পানি বইছে বেহেশতের মত? আল্লাহর শপথ, তুমি এ থেকে এক ফোঁটাও পাবে না যতক্ষণ না তুমি ও তোমার সাথীরা তৃষ্ণায় ধ্বংস হয়ে যাও।” যারা’আহ বিন আবান বিন দারিম বললো, “তার ও ফোরাত নদীর মাঝে অবস্থান নাও।” এরপর সে একটি তীর ছোঁড়ে ইমামের দিকে যা তার থুতনিতে বিদ্ধ হয় এবং তিনি বললেন, “হে আল্লাহ তাকে তৃষ্ণায় মরতে দাও এবং কখনোই তাকে ক্ষমা করো না।” ইমাম (আ.) এর জন্য এক পেয়ালা পানীয় আনা হলো কিন্তু তিনি তা পান করতে পারলেন না অনবরত রক্ত ঝরার কারণে। তিনি রক্তকে আকাশের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, “একইভাবে আকাশের দিকে।” শেইখ আব্দুস সামাদ বর্ণনা করেন আবুল ফারাজ থেকে, তিনি আব্দুর রহমান বিন জওযি থেকে যে, এর পরে আবানি ব্যক্তিটি (যারআহ) পাকস্থলি পোড়া এবং ঠাণ্ডা পিঠের রোগে আক্রান্ত হয়েছিলো এবং চিৎকার করতো। ‘উমদাতুত তালিব’-এর লেখক আব্বাস (আ.) এর সন্তানদের সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, তার (আব্বাসের) কুনিয়া ছিলো আবুল ফযল এবং উপাধি ছিলো সাক্কা (পানি বহনকারী)। তাকে এ উপাধি দেয়া হয়েছিলো কারণ তিনি তার ভাইয়ের জন্য আশুরার দিন পানি আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই শহীদ হয়ে যান। তার কবরটি (ফোরাত) নদীর তীরে তার শাহাদাতের স্থানেই আছে। সে দিন তিনি ছিলেন ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী। আবু নসর বুখারি বর্ণনা করেছেন মুফাযযাল বিন উমার থেকে যে, ইমাম জাফর আস সাদিক্ব (আ.) বলেছেন, “আমার চাচা আব্বাস ছিলেন বুদ্ধিমান এবং তার ছিলো দৃঢ় বিশ্বাস। তিনি আবু আব্দুল্লাহর (ইমাম হোসেইনের) সাথে থেকে যুদ্ধ করেছেন এবং মুসিবতের ভিতর দিয়ে গেছেন শহীদ হওয়া পর্যন্ত। বনি হানিফা তার রক্তের দায়ভার বইছে। তিনি ছিলেন চৌত্রিশ বছর বয়েসী যখন তাকে হত্যা করা হয়। তার এবং উসমান, জাফর এবং আব্দুল্লাহরও মা ছিলেন উম্মুল বানীন, যিনি ছিলেন হিযাম বিন খালিদ বিন রাবি’আর কন্যা।