পবিত্র কুরআনুল কারীম নবীর আহলে বায়াতের সঙ্গে ও নবীর আহলে বায়াত পবিত্র কুরআনুল কারীমের সঙ্গে আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মাদিও ওয়া আলে মোহাম্মদ পবিত্র কোরআন, হাদীস এবং বিভিন্ন ইসলামী গ্রন্থে কাদেরকে আহলে বাইত বলে চিহ্নিত করা হয়েছে? এবং কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক কি? আদি কাল থেকেই এ বিষয়টা নিয়ে মুফাসসিরগণ ও কালাম শাস্ত্রবিদগণ বিভিন্ন ধরনের আলোচনা ও পর্যালোচনা করে আসছেন। এ ব্যাপারে অনেক গ্রন্থও রচিত হয়েছে। এই লেখনিগুলো থেকে পরিস্কারভাবে বোঝা যায় যে, প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) এর পরিবারের কিছুসংখ্যক সদস্যকে আহলে বাইত বলা হয়েছে। অন্যদিকে নবী (সা.) এর বিভিন্ন বর্ণনায় এ বিষয়টি সুষ্পষ্টভাবে ফুটে উঠেছে তাদের এবং পবিত্র কোরআনের মধ্যে একটা চিরস্থায়ী বন্ধনও রয়েছে। পবিত্র কোরআনের সাথে আহলে বাইতের এই চিরস্থায়ী বন্ধন বিশেষ মর্যাদার পরিচয় বহন করে। পবিত্র কোরআন মজিদে ‘আহলে বাইত’ শব্দটি মাত্র দু’বার এসেছে : সূরা হুদের ৭৩ নং আয়াতে : قَالُواْ أَتَعْجَبِينَ مِنْ أَمْرِ اللّهِ رَحْمَتُ اللّهِ وَبَرَكَاتُهُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ إِنَّهُ حَمِيدٌ مَّجِيدٌ অর্থাৎ ‘তারা বলল তুমি কি আল্লাহর কোন কাজে বিস্ময়বোধ করছো, তোমাদের উপরে সর্বদা আল্লাহর (বিশেষ) রহমত ও তাঁর অনুগ্রহ রয়েছে; অবশ্যই তিনি মহাপ্রশংসিত ও মহামর্যাদাবান।’ সূরা আহযাবের ৩৩ নং আয়াতে : إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَ يُطَهِّرَكُمْ تَطْهِيرًا অর্থাৎ ‘হে আহলে বাইত নিশ্চয় আল্লাহ তা’আলা চান তোমাদেরকে পাপ পঙ্কিলতা থেকে দুরে রাখতে এবং সম্পূর্ণরূপে পূত ও পবিত্র করতে।’ প্রথম আয়াতটি হযরত ইব্রাহীম (আ.) এবং তার পরিবার সম্পর্কে। দ্বিতীয় আয়াতটিতে -যা তাতহীরের আয়াত নামে প্রসিদ্ধ- নবী (সা.) এর পরিবারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ ব্যাপারে সকল মুসলমান একমত পোষণ করেন। এই আয়াতে মহান আল্লাহ তা’আলা নবী (সা.) এর আহলে বাইতকে সকল প্রকারের কলুষতা থেকে মুক্ত থাকার ঘোষণা দিয়েছেন। আহলে বাইত কারা : আহলে বাইতের মর্যাদার ব্যাপারে সকলেই একমত তবে আহলে বাইত কারা এ ব্যাপারে যথেষ্ট মতবিরোধ রয়েছে। নবী (সা.)এর আহলে বাইতকে চেনার একমাত্র পথ হচ্ছে হাদীস ও রেওয়ায়েত। বিভিন্ন হাদীস ও রেওয়ায়েতের ভিত্তিতে হযরত মুহাম্মাদ (সা.), হযরত আলী (আ.), হযরত ফাতেমা যাহরা (আ.), ইমাম হাসান (আ.) ও ইমাম হোসাইন (আ.) হচ্ছেন আহলে বাইত। জালালউদ্দিন সূয়ূতি তার তাফসীরে এ সম্পর্কে অনেক রেওয়ায়েত সনদ সহকারে নবী (সা.) এর সাহাবীদের থেকে বর্ণনা করেছেন। তাবারসিও হযরত আবু সাঈদ খুদরী, আনাস বিন মালেক, ওয়াছেলা বিন আছকা, উম্মুল মুমিনীন হযরত আয়েশা ও উম্মে সালমা (রা.), জাবের বিন আব্দুল্লাহ ও হাসান বিন আলী (আ.) সহ অন্যান্য সাহাবা সূত্রে এর উল্লেখ করে অসংখ্য হাদীস বর্ণনা করেছেন। নবী পত্মী উম্মে সালমা থেকে বর্ণিত হয়েছে যে তিনি নিম্নলিখিত আয়াতটির শানে নুযুল বর্ননা করতে গিয়ে বলেছেন : إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَ يُطَهِّرَكُمْ تَطْهِيرًا যখন এ আয়াতটি আমার গৃহে অবতীর্ণ হয়েছিল তখন আমার গৃহে সাতজন লোক ছিল। তারা হলেন জীবরাঈল (আ.), মিকাইল (আ.), নবী (সা.), আলী (আ.), ফাতিমা (আ.), হাসান ও হোসাইন (আ.) এবং আমি ছিলাম দরজার মুখে। আমি রাসূল (সা.) কে প্রশ্ন করলাম, ‘হে আল্লাহর রাসূল, আমি কি আহলে বাইতের মধ্যে গণ্য নই?’ উত্তরে তিনি বললেন, ‘না তুমি তাদের মধ্যে নও, তবে নিশ্চয় তুমি সঠিক পথে আছো; নিশ্চয়ই তুমি কল্যাণের মধ্যে রয়েছো; তুমি আমার স্ত্রীদের মধ্যে গণ্য।’ আনাস বিন মালেক থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন : ‘রাসূলুল্লাহ্ (সা.) ছয় মাস পর্যন্ত ফজর নামাজের সময় ফাতিমার গৃহের নিকট দিয়ে অতিক্রম করার সময় বলতেন, হে আহলে বাইত, তোমাদের উপর সালাম ও দরুদ। নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন তোমাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।’ মুসলিম তার সহীহ গ্রন্থে এভাবে বর্ণনা করেছেন : فَقُلْ تَعَالَوْاْ نَدْعُ أَبْنَاءنَا وَأَبْنَاءكُمْ وَنِسَاءنَا وَنِسَاءكُمْ وَأَنفُسَنَا وأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَةَ اللّهِ عَلَى الْكَاذِبِينَ অর্থাৎ ‘বলুন : (হে নবী) এসো আমরা আমাদের সন্তানদের আর তোমরাও তোমাদের সন্তানদের এবং আমরা আমাদের নারীদের তোমরা তোমাদের নারীদের এবং আমরা আমাদের নিজেদেরকে (নাফসকে) আর তোমরা তোমাদের নিজেদেরকে ডেকে নিয়ে এসো। অতঃপর আমরা (আল্লাহর দরবারে) আবেদন জানাই এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ বর্ষণ করি।’ (আলে ইমরান : ৬১) যখন আয়াতটি অবতীর্ণ হল তখন মহানবী (সা.) আলী, ফাতেমা, হাসান ও হোসাইন (আ.)-কে ডেকে আনলেন। তিনি বললেন : اللهم هولاءِ أهْلُ بَيْتِي ‘হে আল্লাহ এরাই আমার আহলে বাইত।’ নবী (সা.) এর বর্ণনা সমূহে আহলে বাইত ও কোরআনের বন্ধন : নবী (সা.) তাঁর আহলে বাইতের অনেক ফযিলতের কথা বর্ণনা করেছেন। তাঁর ঐ সব বর্ণনা আহলে বাইতকে তাঁর উম্মতদের মধ্যে অতি উচ্চ আসনে আসীন করেছে। এই ফযিলতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোরআন ও আহলে বাইতের একাত্মতা এবং তাদের মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্ক। তাদের মধ্যে যে দৃঢ় বন্ধন রয়েছে তা কেয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। শিয়া সুন্নী সকলেই যে হাদীসের ব্যপারে একমত তা হাদীসে ‘সাকালাইন’ নামে পরিচিত। নবী করিম (সা.) এরশাদ করেছেন : إنّى تارِكٌ فِيكُمْ الثَقْلَيْنِ کِتَابَ اللهِ و عِتْرَتِی أَهْلَ بَيْتِی إنْ تَمَسَّکْتُمْ بِهِمَا لَنْ تَضِلُّوا أبَداً ‘আমি তোমাদের জন্য অতি মূল্যবান দুটি বস্তু রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আমার রক্তসম্পর্কীয় নিকটাত্মীয়, আমার আহলে বাইত। তোমরা যদি এ দুটিকে শক্ত করে আঁকড়ে ধর তবে কখনো পথভ্রষ্ট হবে না।’ এই হাদীসটি নবী করিম (সা.) এর অনেক বিশিষ্ট সাহাবী বর্ণনা করেছেন। এই হাদীসটি মুতাওয়াতির (অসংখ্য) সূত্রে বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। অনেকেই উল্লিখিত হাদীসটি বিশেরও অধিক সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেছেন। এই হাদীসের প্রেক্ষাপট ও দলীল সমূহের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে নবী (সা.) এই কথাগুলি বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সাহাবা ও অনুসারীদের সামনে বলেছেন এবং আহলে বাইত ও কোরআনের মধ্যে যে দৃঢ় বন্ধন রয়েছে, তা বোঝানোর চেষ্টা করেছেন। ইবনে হাজার হাইসামি (একজন প্রসিদ্ধ সুন্নী আলেম) এ ব্যাপারে বলেছেন যে, উল্লিখিত হাদীসটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেরও অধিক সংখ্যক সাহাবী এই হাদীসটি বর্ণনা করেছেন। তাদের মধ্যে কেউ কেউ এই হাদীসটি বিদায় হজ্জ্বের সময় অথবা আরাফার দিনে স্বয়ং নবীর মুখ থেকে শুনেছেন এবং বর্ণনা করেছেন । কেউ কেউ বলেছেন নবী (সা.) তাঁর অসুস্থতার সময় বেশ কিছু সংখ্যক সাহাবীর সমাবেশে এ হাদীসটি বর্ণনা করেছেন। অন্য দল বর্ণনা করেছেন যে, নবী (সা.) তায়েফ থেকে ফেরার পর একটা বক্তৃতা দেন এবং সেখানেও এ হাদীসটি বর্ণনা করেছেন। কোরআন এবং আহলে বাইতের মধ্যে বিদ্যমান চিরস্থায়ী ও দৃঢ় বন্ধনের পেছনে একটা সূক্ষ্ণ ঐশী পরিকল্পনা রয়েছে। কোরআনের কিছু কিছু আয়াত সুস্পষ্ট ভাবে বর্ণনা করেছে যে, সকল যুগের ঐশী বাণীসমূহ দুটো বৈশিষ্ট্যের অধিকারী ছিল। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আল্লাহর ঐশী বাণী সে যুগের নবীর মাতৃভাষায় অবতীর্ণ হয়েছে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই ওহীর পাশাপাশি একজন নির্ভরযোগ্য মানুষ ছিলেন, যিনি আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী এবং যিনি আল্লাহর দ্বীনকে এর সকল দৃষ্টিকোণ থেকে উত্তমরূপে বর্ণনা করতে পারেন, সেই সাথে অদৃশ্যেরও জ্ঞান রাখেন। অন্যদিকে ঐ ব্যক্তি পূর্ণ পবিত্রতার অধিকারী এবং কু প্রবৃত্তি ও শয়তানের প্ররোচনায় কখনও প্রভাবিত হন না। আল্লাহর ওহী প্রচার এবং প্রসারের দায়িত্ব ছাড়াও তা বর্ণনার দায়িত্বে নিয়োজিত থাকেন। আর অনুকূল পরিস্থিতিতে ইসলামী রাষ্ট্র পরিচালনা এবং ইসলামী বিধানকে প্রতিষ্ঠা করা, বিশ্বে ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠা ইত্যাদির দায়িত্বও তারা পালন করে থাকেন। সর্বোপরি তারা হচ্ছেন ইহকালীন ও পরকালীন মুক্তির দিশারী। পবিত্র কোরআনে এব্যাপারে বলা হয়েছে যে : وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلاَّ بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ ‘আমি প্রত্যেক রাসুলকে কেবল তাঁর স্বজাতির ভাষায়ই প্রেরণ করেছি যাতে করে সে তাদের জন্য (আমার বাণী) সুস্পষ্টভাবে বর্ণনা করে। (ইব্রাহীম:৪) পবিত্র কোরআনেও নবী (সা.) এর এই দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ভাবে বর্ণনা করে আল্লাহ তা’আলা বলেছেন : وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ ‘তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি যাতে করে যা কিছু মানুষদের জন্য পাঠানো হয়েছে, তা তুমি তাদের জন্য সুস্পষ্ট ভাবে বর্ণনা কর; হয়তো তারা চিন্তা ভাবনা করবে।’(নাহল:৪৪) পবিত্র কোরআনের অন্যত্র বলা হয়েছে : هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَ الْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ ‘তিনিই সেই সত্তা যিনি সাধারণ জনগোষ্ঠীর (নিরক্ষর লোকদের) মাঝে তাদেরই মধ্য থেকে একজনকে রাসূল করে পাঠিয়েছেন যে তাদেরকে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনায়, তাদেরকে পবিত্র করে, তাদেরকে কিতাব ও হিকমাত শিক্ষা দেয়, অথচ তারা তার পূর্বে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিলো।’(জুমুআ : ২) এসব আয়াতের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে, আল্লাহর ঐশী বাণীসমূহ ব্যাখ্যার জন্য তাঁর পক্ষ থেকে মনোনীত বান্দারা সবসময় ছিলেন। সুতরাং এমন এক ব্যক্তি সর্বদা অবশ্যই থাকবেন যিনি ওহী সম্পর্কে পূর্ণ জ্ঞানের অধিকারী হবেন। নবুওয়াতের ধারা বন্ধ হওয়ার সাথে সাথে ওহী নাযিলের ধারাও বন্ধ হয়ে গেছে। কিন্তু কোরআনের বাণীর আহ্বান চিরন্তন হওয়ায় কিয়ামত পর্যন্ত তা বলবৎ থাকবে। একদিকে এই অবিনশ্বর ও চিরন্তন হওয়ার বৈশিষ্ট্য, অন্যদিকে মুসলমানরা তাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন ও ধর্মীয় জীবনে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য প্রতিনিয়ত এ গ্রন্থের মুখাপেক্ষী হওয়ায় সব যুগেই কোরআনের পাশাপাশি তার সমস্ত গূঢ় রহস্য সম্পর্কে জ্ঞাত একজন ব্যাখ্যাকারক প্রয়োজন। পবিত্র কোরআন ও আহলে বাইতের মধ্যে বিদ্যমান বন্ধন থেকে প্রাপ্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কল্যাণ হচ্ছে নবী (সা.) এর মৃত্যুর পর একমাত্র তাঁর আহলে বাইতের দ্বারাই পবিত্র কোরআনের আয়াত সমুহের নির্ভুল ও সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ সম্পাদিত হয়েছে। তাঁর জীবদ্দশায় তিনি নিজেই এ দায়িত্ব পালন করতেন। নবী (সা.) এর মৃত্যুর সাথে সাথে যদিও ওহী নাযিলের ধারার পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু আল্লাহর বাণী প্রচার, প্রসার ও বর্ণনার কাজ শেষ হয়ে যায় নি। কোরআনের আয়াত নবী (সা.) এর সময়কার মানুষদের যেভাবে সম্বোধন করেছে তার পরবর্তী যুগের মানুষদেরকেও ঠিক সেভাবেই সম্বোধন করেছে। আহলে বাইত ও পবিত্র কোরআনের এই বন্ধন যদি অব্যাহত না থাকত নবী (সা.) এর পরবর্তী যুগে কোরআন একটি নীরব প্রতিবেদন হয়ে পড়ত। কখনোই মুসলমানদের চাহিদা মিটাতে পারতো না এবং ব্যক্তি জীবন ও সমাজ জীবনে তারা ইসলাম থেকে দূরে সরে পড়তো। হযরত আলী (আ.) এর বাণীতে এর সত্যতা পাওয়া যায়। ‘কোরআন আল্লাহর নির্বাক গ্রন্থ, আর আমি তার ব্যখ্যা বিশ্লেষণকারী, সুতরাং আল্লাহর সবাক পুস্তককে আঁকড়ে ধর।’ ইমাম বাকের (আ.) কোরআনের উদ্ধৃতি দিয়ে নবী (সা.) এর পর মানুষের পথ প্রদর্শনের ক্ষেত্রে নিস্পাপ ইমামগণের প্রয়োজনীয়তা সম্পর্কে এরশাদ করেছেন, আল্লাহ বলেছেন : إِنَّمَا أَنتَ مُنذِرٌ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ ‘অর্থাৎ নিশ্চয় (হে নবী) তুমি সতর্ককারী এবং প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছে।’(রা’দ : ৭) এই আয়াত সম্পর্কে ইমাম বাকের (আ.)-কে প্রশ্ন করা হলে তিনি বলেন : ‘রাসূলুল্লাহ্ (সা.) ভীতি প্রদর্শনকারী। আর প্রত্যেক যুগে আমাদের আহলে বাইতের মধ্যে একজন ইমাম থাকবেন যিনি নবী (সা.) আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন তার দিকে মানুষকে আহ্বান করবেন। নবী (সা.) এর পর প্রথম ইমাম হচ্ছেন হযরত আলী (আ.)।’ ইমাম সাদিক (আ.) বলেছেন : ‘সব সময়ই আল্লাহ তায়ালা আমাদের আহলে বাইতের মধ্যে থেকে কাউকে না কাউকে নির্বাচিত করেন, যে তাঁর কিতাবের আদ্যপ্রান্ত সব জানেন।’ তাঁর থেকে অন্য আরেক সূত্রে বর্ণিত হয়েছে : ‘আল্লাহর কসম কোরআনের সমস্ত জ্ঞান ভান্ডার আমাদের নিকটে মজুদ রয়েছে।’ এটা মনে রাখা দরকার যে, আহলে বাইত কর্তৃক আল্লাহর বাণীসমূহকে ব্যাখ্যা দান এবং মানুষকে শিক্ষা দেয়ার বিষয়টি কোন নির্দিষ্ট আয়াতের মধ্যে সীমাবদ্ধ নয় এবং কোন নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট যুগের জন্যও নয়। বরং এটা সর্ব যুগের ও সর্ব কালের জন্য। এর যথার্থতা হাদীসে সাকালাইন থেকে ষ্পষ্টভাবে বোঝা যায়। কেননা ঐ হাদীসেই কোরআন ও আহলে বাইতের চিরস্থায়ী বন্ধনের কথা বলা হয়েছে যা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ইবনে হাজার হাইসামী কোরআন এবং আহলে বাইতের অব্যাহত বন্ধনের ব্যাপারে বলেছেন : সাকালাইনের হাদীস আহলে বাইতকে আঁকড়ে ধরার নির্দেশ দান করে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করছে যে, কোরআন যেমন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে এবং সেটাকে আঁকড়ে ধরে থাকতে হবে তেমনি আহলে বাইতও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে এবং তাদেরকে কোরআনের মতই আঁকড়ে ধরতে হবে। উল্লিখিত আলোচনা থেকে বোঝা যায় যে, আহলে বাইত (আ.) আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী এবং আল্লাহর পবিত্র বাণীর ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে তাদের সমতুল্য কেউ নেই। এর যথার্থতা পবিত্র কোরআনের সূরা আহযাবের ৩৩ এবং ওয়াকেয়ার ৭৭-৭৯ নং আয়াত : إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ * في كِتابٍ مَّكْنُونٍ * لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ অর্থাৎ নিশ্চয় এটি মহাসম্মানিত কোরআন যা গুপ্ত এক সুরক্ষিত গ্রন্থে আছে। পবিত্র লোকেরা ব্যতীত কেউ তা স্পর্শ করে না (করতে পারেনা)। কোন কোন মুফাসসির (তাবাতাবাঈ) لا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ বাক্য কে كِتَابٍ مَّكْنُون বাক্যাংশের সিফাত (বৈশিষ্ট্য) হিসেবে বলেছেন। এই অবস্থায় আল্লাহর পবিত্র বাণীর অর্থ হবে যে, শুধুমাত্র যারা الْمُطَهَّرُونَ অর্থাৎ পবিত্র কেবল তারাই কোরআনের মূল উৎস ও এর অন্তর্নিহিত অর্থ সম্পর্কে জ্ঞান রাখেন। আর তাতহীরের আয়াতে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে যে, আহলে বাইত (আ.) হচ্ছেন সেই মুতাহ্হারুন বা পবিত্র ব্যক্তিবর্গ। অতএব তাঁরাই আল্লাহর কিতাব সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। ইমাম আলী (আ.) বলেন : ‘আল্লাহ তায়ালা আমাদেরকে সমস্ত পাপ পংকিলতা থেকে মুক্ত রেখেছেন। আমরা পৃথিবীতে মানুষের জন্য পথ প্রদর্শনকারী। আমরা সব সময় কোরআনের সাথে এবং কোরআন আমাদের সাথে; তারা কখনোই একে অপরের থেকে আলাদা হবে না। প্রচারে ইয়া আলী আঃ

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

হযরত আবুল ফযল আব্বাস (আ.)-এর শাহাদাত : পানি যেন চিরকাল লজ্জিত তাঁর কাছে! বর্ণনাকারী বলেন,ইমাম হুসাইন পিপাসায় কাতার হয়ে ফোরাতের তীরে উপস্থিত হলেন। সাথে রয়েছেন তার (সৎ) ভাই আব্বাস। ইবনে সা’দের বাহিনী ঝাঁপিয়ে পড়ল দু’জনের ওপর। তাদের পথ বন্ধ করল। বনী দারাম গোত্রের এক দুরাচার আবুল ফযল আব্বাস-এর দিকে তীর নিক্ষেপ করলে তা তাঁর পবিত্র মুখে বিদ্ধ হয়। ইমাম হুসাইনই তা টেনে বের করে নেন,তার হাত রক্তে রঞ্জিত হয়ে যায়। তিনি সেই রক্ত ছুড়ে ফেলে বললেন : ‘হে আল্লাহ ! এ জনগোষ্ঠী তোমার নবী নন্দিনীর সন্তানের ওপর এ জুলুম চালাচ্ছে, এদের বিরুদ্ধে তোমার দরবারে বিচার দিচ্ছি। ইবনে সা’দের বাহিনী মুহূর্তের মধ্যে ইমাম হুসাইনের কাছ থেকে হযরত আব্বাসকে ছিনিয়ে নেয়। চতুর্মুখী আক্রমণ ও তরবারির সম্মিলিত আঘাতে হযরত আব্বাস শহীদ হন। তাঁর শাহাদাতে ইমাম হুসাইন কান্নায় ভেঙ্গে পড়েন। কবি তাই তো বলেছেন : ‘‘কতই না উত্তম ব্যক্তি –যার জন্য ইমাম হুসাইন কারবালার এ কঠিন মুসিবতের সময়ও কেঁদেছেন। তিনি ছিলেন ইমাম হুসাইনের (সৎ) ভাই,তার বাবা ছিলেন আলী, তিনি তা আর কেউ নন রক্তাক্ত বদন আবুল ফযল আব্বাস। তিনি ছিলেন ইমাম হুসাইনের সহমর্মী,কোনো কিছুই তাকে এপথ থেকে সরাতে পারেনি। প্রচণ্ড পিপাসা নিয়ে ফোরাতের তীরে পৗছেন,কিন্তু ইমাম হুসাইন যেহেতু পান করেননি তিনিও তাই পানি মুখে নেননি।’অন্য কবি বলেন : ‘মুষ্টির মাঝে পানি নিলেন, মনভরে পান করে তৃষ্ণা নিবারণ করবেন কিন্তু যখনই ইমাম হুসাইনের পিপাসার কথা মনে পড়লো, হাতের মুঠোর পানিতে অশ্রু ফেলে ফিরে আসলেন।’হযরত আবুল ফযল আব্বাস-এর এ মহান আত্মত্যাগ সকল লেখক, চিন্তাশীলের দৃষ্টিতেই গুরুত্বপূর্ণ।আল্লামা মজলিসী তার বিখ্যাত গ্রন্থ ‘বিহারুল আনওয়ার’-এ লিখেছেন,‘হযরত আব্বাস ফোরাতের তীরে গেলেন। যখনই অঞ্জলি ভরে পানি পান করতে চাইলেন তখন হঠাৎ ইমাম হুসাইন ও তার আহলে বাইতের পানির পিপাসার যন্ত্রণার কথা মনে পড়ল। তাই তিনি পানি ফোরাতেই ফেলে দিলেন,পান করলেন না।’আরেকজন কবি বলেন : ‘আবুল ফযল আব্বাস তার সবচেয়ে মূল্যবান প্রাণ ইমাম হুসাইনের জন্যই উৎসর্গ করেছেন। ইমাম হুসাইন পান করার পূর্বে তিনি নিজে পান করলেন না। মানুষের কর্মের সর্বোত্তম কর্ম ও মূল কাজই তিনি করলেন। আপনি তো গৗরবের দিবসে রাসূলের দুই নাতির ভাই, আর আপনিই তো পানি পানের দিবসে করেছেন আত্মত্যাগ, হে আবুল ফযল!’পানি টলটলায়মান, বাদশাহ তৃষ্ণায় ওষ্ঠাগত,উদ্যম তার অন্তরে হাতে রয়েছে পানির মশক,মুর্তাযার সিংহ শাবককে হামলা করলো এমনভাবেএ যেন অগণিত নেকড়ের মাঝে এক বাঘ।এমন একটি বদন কেউ দেখেনি যাতে কয়েক হাজার তীর,এমন একটি ফুল কেউ দেখেনি যাতে রয়েছে কয়েক হাজার কাঁটা। শেইখ মুফীদ তার ‘ইরশাদ’-এ এবং শেইখ তাবারসি তার ‘আ’লামুল ওয়ারা’-তে বলেছেন যে, সেনাবাহিনী ইমাম হুসাইনকে (আ.) আক্রমণ করলো এবং তার সৈন্যদের ছড়িয়ে দিলো এবং তাদের পিপাসা বৃদ্ধি পেলে ইমাম তার ভাই আব্বাস (আ.) কে নিয়ে ফোরাতের দিকে ঘোড়া ছোটালেন। উমর বিন সা’আদের বাহিনী তাদের পথ আটকে দিলো এবং বনি দারিম থেকে এক ব্যক্তি তাদের উদ্দেশ্যে বললো, “আক্ষেপ তোমাদের জন্য, ফোরাতের দিকে তাদের রাস্তা বন্ধ করে দাও যেন তারা সেখানে পৌঁছতে না পারে।” ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” সে ক্রোধান্বিত হলো এবং ইমামের দিকে একটি তীর ছুঁড়ে মারলো যা তার থুতনি ভেদ করলো। ইমাম তীরটি টেনে বের করলেন এবং নিজের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন। এতে তার হাত রক্তে পূর্ণ হয়ে গেলো। তখন তিনি বললেন, “হে আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি তারা কী আরচণ করছে তোমার রাসূলের (সা.) কন্যার সন্তানের সাথে।” এরপর তারা তৃষ্ণার্ত অবস্থায় ফিরে এলেন। কিন্তু সেনাবাহিনী হযরত আব্বাস (আ.) কে ঘেরাও করে ফেললো এবং ইমাম হুসাইন (আ.) থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলল। আব্বাস একা একা যুদ্ধ করলেন এবং শহীদ হয়ে গেলেন। যায়েদ বিন ওয়ারখা হানাফি এবং হাকীম বিন তুফাইল তাঈ’ যৌথভাবে তাকে হত্যা করে তাকে বেশ কিছু আঘাতে আহত করার পর এবং তার নড়াচড়া করার মত শক্তি আর ছিলো না। সাইয়েদ ইবনে তাউস কিছুটা একই রকম বর্ণনা দিয়েছেন। হাসান বিন আলী তাবারসি বর্ণনা করেন যে, (বনি দারিম গোত্রের) অভিশপ্তের তীরটি ইমাম হুসাইন (আ.) এর কপালে বিদ্ধ হয় এবং আব্বাস তা তুলেন। কিন্তু পূর্ববর্তী বর্ণনাটিই বেশী পরিচিত। তাবারি বর্ণনা করেন হিশাম থেকে, তিনি তার পিতা মুহাম্মাদ বিন সায়েব থেকে, তিনি ক্বাসিম বিন আল আসবাগ বিন নাবাতাহ থেকে যিনি বলেছেন, (কারবালায়) ইমাম হুসাইন (আ.) শহীদ হওয়ার সময় উপস্থিত ছিলো এমন একজন আমাকে বলেছে যে, যখন হোসেইনের সেনাদল প্রাণ হারালো তিনি তার ঘোড়ায় চড়লেন এবং ফোরাত নদীর দিকে গেলেন। বনি আবান বিন দারিম গোত্রের এক লোক বললো, “আক্ষেপ তোমাদের জন্য, তার এবং ফোরাত নদীর মাঝখানে অবস্থান নাও যেন তার শিয়ারা (অনুসারীরা) তার সাথে যুক্ত হতে না পারে।” তিনি ঘোড়া ছোটালেন এবং সেনাবাহিনীও তাকে অনুসরণ করলো এবং ফোরাত নদীতে যাওয়ার পথ বন্ধ করে দিলো। ইমাম হুসাইন (আ.) বললেন, “হে আল্লাহ, তাকে পিপাসার্ত করুন।” আবানি লোকটি একটি তীর ছুঁড়লো যা ইমামের থুতনি ভেদ করলো, ইমাম তীরটি টেনে বের করলেন এবং তার হাতের তালু দিয়ে তার নিচে চেপে ধরলেন, যা রক্তে পূর্ণ হয়ে গেলো এবং তিনি বললেন, “হে আল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ করি কী আচরণ তারা করছে আপনার রাসূল (সা.) এর কন্যার সন্তানের সাথে।” আল্লাহর শপথ, বেশী সময় যায় নি যখন আমি দেখলাম তার (আবানি লোকটির) প্রচণ্ড তৃষ্ণা পেয়ে বসলো এবং কখনোই নিবারণ হলো না। ক্বাসিম বিন আল আসবাগ আরও বলেন যে, আমি তার সাথে ছিলাম যে বাতাস করছিলো তাকে (আবানি লোকটিকে) এবং একটি মিষ্টি শরবত, এক জগ দুধ ও পানি রাখা ছিলো। সে বলছিলো, “দুর্ভোগ তোমাদের উপর। তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” এক জগ অথবা এক কাপ পানি যা তার পরিবারের তৃষ্ণা মিটাচ্ছিলো, তাকে দেয়া হলো, সে তা পান করলো ও বমি করলো। এরপর কিছু সময় ঘুমালো। এরপর আবার সে বলতে শুরু করলো, “দুর্ভোগ তোমাদের উপর, আমাকে পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলছে।” আল্লাহর শপথ এ রকম কোন দৃশ্য এর আগে দেখা যায়নি এবং তার পেট উটের মত ফেটে গেলো। ইবনে নিমার বর্ণনা অনুযায়ী এই লোকটির নাম ছিলো যারাআহ বিন আবান বিন দারিম। ক্বাসিম বিন আল আসবাগ বর্ণনা করেছেন এক ব্যক্তি থেকে যে কারবালায় ইমাম হুসাইন (আ.) কে দেখেছিলো, তিনি একটি খাদের পাশে দাঁড়িয়েছিলেন নদীর তীরের কাছেই, ফোরাত নদীতে যাওয়ার জন্য এবং আব্বাস ছিলেন তার সাথে। সে সময় উমর বিন সা’আদের জন্য উবায়দুল্লাহর চিঠি এসে পৌঁছায় যাতে লেখা ছিলো, “হুসাইন ও তার সাথীদের জন্য পানি সরবরাহ বন্ধ করে দাও এবং তাদেরকে এক ফোটাও স্বাদ নিতে দিও না।” উমর বিন সা’আদ পাঁচশত লোক দিয়ে আমর বিন হাজ্জাজকে পানির কাছে পাঠালো। আব্দুল্লাহ বিন হাসীন আযদি উচ্চকণ্ঠে বললো, “হে হুসাইন, তুমি কি দেখছো পানি বইছে বেহেশতের মত? আল্লাহর শপথ, তুমি এ থেকে এক ফোঁটাও পাবে না যতক্ষণ না তুমি ও তোমার সাথীরা তৃষ্ণায় ধ্বংস হয়ে যাও।” যারা’আহ বিন আবান বিন দারিম বললো, “তার ও ফোরাত নদীর মাঝে অবস্থান নাও।” এরপর সে একটি তীর ছোঁড়ে ইমামের দিকে যা তার থুতনিতে বিদ্ধ হয় এবং তিনি বললেন, “হে আল্লাহ তাকে তৃষ্ণায় মরতে দাও এবং কখনোই তাকে ক্ষমা করো না।” ইমাম (আ.) এর জন্য এক পেয়ালা পানীয় আনা হলো কিন্তু তিনি তা পান করতে পারলেন না অনবরত রক্ত ঝরার কারণে। তিনি রক্তকে আকাশের দিকে ছুঁড়ে দিলেন এবং বললেন, “একইভাবে আকাশের দিকে।” শেইখ আব্দুস সামাদ বর্ণনা করেন আবুল ফারাজ থেকে, তিনি আব্দুর রহমান বিন জওযি থেকে যে, এর পরে আবানি ব্যক্তিটি (যারআহ) পাকস্থলি পোড়া এবং ঠাণ্ডা পিঠের রোগে আক্রান্ত হয়েছিলো এবং চিৎকার করতো। ‘উমদাতুত তালিব’-এর লেখক আব্বাস (আ.) এর সন্তানদের সম্পর্কে বলতে গিয়ে বলেন যে, তার (আব্বাসের) কুনিয়া ছিলো আবুল ফযল এবং উপাধি ছিলো সাক্কা (পানি বহনকারী)। তাকে এ উপাধি দেয়া হয়েছিলো কারণ তিনি তার ভাইয়ের জন্য আশুরার দিন পানি আনতে গিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছানোর আগেই শহীদ হয়ে যান। তার কবরটি (ফোরাত) নদীর তীরে তার শাহাদাতের স্থানেই আছে। সে দিন তিনি ছিলেন ইমাম হুসাইনের (আ.) পতাকাবাহী। আবু নসর বুখারি বর্ণনা করেছেন মুফাযযাল বিন উমার থেকে যে, ইমাম জাফর আস সাদিক্ব (আ.) বলেছেন, “আমার চাচা আব্বাস ছিলেন বুদ্ধিমান এবং তার ছিলো দৃঢ় বিশ্বাস। তিনি আবু আব্দুল্লাহর (ইমাম হোসেইনের) সাথে থেকে যুদ্ধ করেছেন এবং মুসিবতের ভিতর দিয়ে গেছেন শহীদ হওয়া পর্যন্ত। বনি হানিফা তার রক্তের দায়ভার বইছে। তিনি ছিলেন চৌত্রিশ বছর বয়েসী যখন তাকে হত্যা করা হয়। তার এবং উসমান, জাফর এবং আব্দুল্লাহরও মা ছিলেন উম্মুল বানীন, যিনি ছিলেন হিযাম বিন খালিদ বিন রাবি’আর কন্যা।